শনিবার, ২০ অক্টোবর, ২০১২

শরীর


তোকে এত ভালবাসব জানলে, 

ধানক্ষেতে দৌড়তাম না।

তোকে আঁকড়ে থাকব জানলে,

গেছো-পনাগুলো করতাম না।

তোকেই ‘আমি’ ভাবব জানলে,

রোদ্দুরে আম খুঁজতাম না।

তোকে এত ভালবাসব জানলে,

এত-কটা দিন বাঁচতাম না! 

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

তোমার নিঃশ্বাস !


এক স্বপ্নিল অসুস্থ উষ্ণতার মাঝে
তুমি এলে
সাথে নিয়ে তোমার নিঃশ্বাস...
আরও উষ্ণতা ।
জীবাণুরা যাবার আগেই
তোমার বিদায়...
তারপর জীবের মতই জীবাণুও... দেহ বদল চায়
জানালার ফাঁক দিয়ে চলে আসে ঠাণ্ডা-মতন হাওয়া
শীতের আগমনী – আছিলায়।
আমার শীত আমায় আঁকড়ে ধরে আছে...
আর শীতের ফাঁকে তোমার নিঃশ্বাস !

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

জীবন


চরিত্ররা ঘোরাফেরা করে জীবনের গা বেয়ে ।
কেউ মন ছুঁয়ে যায় ... আর কেউ কেউ শরীর !
জীবন ব্যস্ত থাকে চরিত্রদের নিয়ে জট পাকাতে ।
যে মন চায়, তাকে মাপে শরীর দিয়ে ...
আর যে চায় শরীরের আঁচ, তার পেছনে লেলিয়ে দেয় মন !!!

তাই এই জটিল-মনা জীবনের ওপর ভারী রাগ করে সেদিন আমি নিজের পছন্দের –OH গ্রুপের বোতল খুলে ঢকঢক গিলতে থাকি... আর স্নায়ুগ্রন্থির স্ক্রু – গুলো একটু ঢিলে হতেই ‘প্রাণ’ – ভরে জীবনকে দিতে থাকি গাল ।

পাঁচতলার ব্যালকনি বেয়ে গড়িয়ে আসা সকালের রোদে যখন ঘুম ভাঙল...
ধোঁয়াভরা শহর আর চরিত্রের ভিড়ে গিজগিজে হয়ে ওঠা জীবনটাকে তখন ভারী সুন্দর লাগল ...!!!!!!!!!1111123...! 
 


মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

চুপ


আমি-খানা নিয়ে কথা হবে বলে/ হাজার-জনতা-লক্ষের ভিড়ে/ রোজ বেড়ে চলে কথা-বলাবলি/ কান-টানাটানি দর-কষাকষি/ আর গালাগালি।

তোমার অধীন হব নাকো আমি/ যতই বাড়ুক রোজ চুলোচুলি/ তোমার পকেট ভারী হলে পরে/ সে-কথা আলাদা পেতে দেওয়া যায়/ সব চুলগুলি

পকেট ফক্কা পরাণ অক্কা/ সব আমি-দের জনতার ভিড়ে/ দাউদাউ জ্বলে লোভের কিংবা/ খিদের আগুন আগুন সে হোক/ যেমন-তেমন জ্বালাবে সে সব/ হৃৎস্পন্দন

ধুকুপুকু বুকে হানাই-পানাই/ অমুকতা নাই তমুকতা নাই/ কত কতাকেতি শেষ হয়ে যায়/ ধুক্-পুক্-ধুক্ তবু পড়ে রয়/ নাই-নাই ভরা থাকার যুদ্ধে/ টুপটাপ করে কমে চলে লয়  

হঠাৎ কখনো যখন-তখন/ ধুকপুকুনির ছন্দপতন
শব্দমত্ত ছন্দবদ্ধ/ দুনিয়া তখন আমায় বলবে/ ... চুপ !!!



জন্ম


জন্মের কোন অর্থ খুঁজে পাওয়া হল না ...!
অথচ কেমন নিরন্তর গতিতে পা-এক পা আর-এক
এগিয়ে চলা জন্মকে পিছু ফেলে !
আমি আছি ... কারণ জন্ম হয়েছিল
তবু জন্মের কোন অর্থ বোঝা গেল না !
তাই থাকার কোন গল্প লেখা হল না...!
তবু আছি ...
কারণ জন্ম হয়েছিল! 

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

হাপিশ !!!


স্মৃতির জন্মের পরে না আগে তা ঠিক জানা নেই। আজন্ম পেরিয়ে আসা অগণিত অর্থহীন দিনের কোন একটাকে পছন্দমত বেছে নিয়ে কে যেন কানের কাছে একঘেয়ে না-চেনা সুরে বলেছিল... “জীবনের ধন কিছুই যায় না ফেলা!”

শব্দের গাম্ভীর্যে নাকি অচেনা সুরের কম্পাঙ্কে তাও অ-জানা ... স্নায়ুকোশের গা বেয়ে বেয়ে বয়ে চলেছিল ... “জীবনের ধন কিছুই যায় না ফেলা”...

কাজেই কড়া নির্দেশ... পথ চলতে যা কিছু জোটে কুড়িয়ে চলতে হবে...
ফুল... পাতা... গাছ...
সুর... শব্দ... ছন্দ...
ভাল হোক বা মন্দ...
কুড়িয়ে চলতে হবে...

চলার পথেই পার হয়ে চলে গুনতি-হারানো দিন...
এই বুঝি শেষ সেই ভয়ে ভয়ে বুক করে চিন চিন...
সময়ের সাথে যুদ্ধের তালে সময় পেরিয়ে যায়...
ব্যস্ত-এ-মন ভীষণ গতিতে জীবন-ধন কুড়ায়...

বেশ কাটে দিন। হঠাৎ সেদিন স্বপ্নে পড়ল হানা!
থুরথুরে-বুড়ো মাঝরাতে নাচ... অ-চেনা-অ-জানা!
খিনখিনে তার ঘ্যানঘ্যানে সুরে কান হল ঝালাপালা।                                         
 “কাঁদে আর বলে জীবনের ধন কিছুই যায় না ফেলা”
দুত্তোরি ছাই! এ কথা আমার কঅব্বে থেকে জানা!
কুড়িয়েছি সব... ফেলিনিকো এক দানা।

এই বলে আমি যেই পাশ ফিরি কান-কাছে ফিস ফিস
কুড়ুনি রে তোর জীবনটাই হাপিশ... !

রবিবার, ১৫ জুলাই, ২০১২

বৃষ্টি - প্রেম...

 বৃষ্টির জলে ভেজা তোমার সে চিঠিটাকে
এবারের বর্ষায় ভিজিয়ে ফেলেছি এক্কেবারে।
   লাল-নীল-কালো কালির সাথেই
      ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে
             
          ফোঁটা ফোঁটা প্রেম।

বৃষ্টি দেখলে ছাতা ফেলে বৃষ্টির সাথে গল্প করার দিন শেষ ।
   ঠান্ডা জলের ফোঁটারা আজ উত্তাপ-হীন...

এখন বৃষ্টি মানে... কাদা এবং যাতায়াতে অসুবিধে...

   তাই...
       লাল-নীল-কালো কালির সাথেই
ভেজা কাগজের গা বেয়ে বেয়ে ঝরে পড়ছে

              ফোঁটা ফোঁটা প্রেম।

                    
                                     ঝরেই চলেছে !!!


সোমবার, ৯ জুলাই, ২০১২

অতীতের বর্তমান



ইতিহাস...
ছোট-বেলায় পড়েছিলাম,
                   সে নাকি বুঝতে শেখায় বর্তমান...  
                   আর পথ এঁকে দেয় ভবিষ্যতের পানে।
এমনও শুনেছি যে...
                   সে দিতে পারে শিকড়ের খোঁজ...
                       দিতে পারে শুরুর সন্ধান!
বড়রা বলত...
   জগতটাকে বুঝতে হলে... সমাজটাকে জানতে হলে...
   হৃদয় দিয়ে পড়তে হয়, দেখতে হয়, আর বুঝতে হয়
                ‘ইতিহাস’

এ আমার ইতিহাস-পাঠের ইতিহাসের গোড়ার কথা।
     তারপর  ???
আমি ইতিহাস পড়ি
প্রথমে চোখ দিয়ে
   তারপর মন দিয়ে
     তারও পরে প্রাণ দিয়ে ...
উৎসাহী আমি দৌড়তে থাকি আদিম গুহায়... মিশরের পিরামিডের চুড়ায়... হরপ্পার বুকে দাপিয়ে বেড়াই অহংকারি আমি! মুঘল রাজ-দরবারে জাঁকজমক পার করে ঘুরতে বেরোই ব্রিটিশ সাম্রাজ্যের আনাচ-কানাচ...। বিশ্বযুদ্ধে রিফিউজি হয়ে চাঁদে পাড়ি দিই!!! রবিঠাকুরের সাথে মেতে উঠি নারীমুক্তির তর্কে... সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষতকে আহত-নিহতের সংখ্যায় সূক্ষ্ম-মাপে মাপি।
   তারপর  ???

    হঠাৎ একদিন দাঙ্গা বাধে আমার শহরে
লড়াই বাধে ‘আমার’ সাথে ‘আমার’।
সমস্ত আমি-র ইতিহাস দখল চায় বর্তমানের...

ইতিহাস... তুমি অতীত কবে হবে... ?!

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

মাটি...



এক খণ্ড মাটি তোলা – তোর অপুষ্টির গা থেকে ।
যাতে ধান হয়... ডাল হয়... কিংবা ভয়ানক জঙ্গল !
              বাজরাও হয় কোথাও কোথাও!
এক খণ্ড মাটি তোলা তোর অপুষ্টির গা থেকে...
মাটির পাত্রে আর রাখা নয় তাকে... ময়লা মাটি !!
আভিজাত্যে সাজানো সভ্যতার পাত্রে যত্নে তুলে রাখা...
                 একখণ্ড মাটি।
সেই যে তুলে নিলাম তোর অপুষ্টির গা থেকে...
                                    রোজ পুষ্টি জোগাই তাতে।
আর তাতে নেই... মেঠো ধান-বাজরার ভিড়।
সভ্য মাটিতে রোজ বানাই সভ্যতার বনসাই...
অসভ্য মাটি কেঁপে ওঠে... ‘ইন্দোনেশিয়া’ !!!

ধাঁধা


রাস্তাটা আরও এঁকেবেঁকে
                                      এর-ওর-তার গায়ে জট-জটিল হাল!

এক পা তুলে কখন থেকে দাঁড়িয়ে ...
                                      তোলা পা-টা ফেলি কোথায়?

চোখ খুলে কিংবা বুজে... হাজার স্বপ্ন দেখতে পারি...
সামনে বসলে, তোমায়ও দেখানো যাবে আরও কিছু স্বপ্ন।

এবার স্বপ্নকে টেনে মাটিতে নামাতে গিয়ে...
পেতে টান পড়ে না বটে...  টান পড়ে স্বপ্নের কারখানায়।

চাহিদা-যোগান... আমদানি-রপ্তানি
                                  সবের হিসেব যায় গুলিয়ে;

স্বপ্নগুলোও সক্কলে হঠাৎ এক পা তুলে দাঁড়িয়ে !!
তোলা পা- টা... ?



বুধবার, ২ মে, ২০১২

তফাৎ


তফাৎ নেই...
             একথা বলা হয়ে গেছে, বেশ গুছিয়ে।
তাই... তফাতটা রয়ে গেছে।
উনুন-ঠাসা আগুন...
নেভাতে পারি না, তাই বালি চাপা দেওয়া...
বালির স্তূপ।
বালির স্তূপে... সক্কলেই বালি...
তাই সমান সকলে।
শুধু...  
তফাৎ-টিকে বুকে নিয়ে
    ধুঁকে ধুঁকে জ্বলতে থাকে
বালি-চাপা... উনুন-ঠাসা আগুন।

নীল

ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...